মহালয়ার দিনই ট্রেন নিয়ে চরম বিপত্তি, ১৪ ঘণ্টা ভোগান্তি কি নিশ্চিত?

বার্তা ডেস্কঃ

মহালয়ার পুণ্যতিথিতে গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষের সমাগম ও তর্পণের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কলকাতা পুলিশের বন্দর বিভাগের ডেপুটি কমিশনারের অনুরোধে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবারে ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সার্কুলার লাইন অর্থাৎ চক্ররেলে ট্রেন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা করা হয়েছে। টানা ১৪ ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হওয়ায় মহালয়ার সকালে যাত্রী ভোগান্তি মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রের খবর, এই বিশেষ নিরাপত্তার কারণে বেশ কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে। হাসনাবাদ, কল্যাণী সীমান্ত, বনগাঁ, বারাসাত ও নৈহাটি থেকে আসা একাধিক মাঝেরহাট ও বিবাদী বাগগামী লোকাল ট্রেন টালা স্টেশনে এসে যাত্রা শেষ করবে। একইভাবে কৃঞ্চনগর, হাবরা, ব্যারাকপুর ও নৈহাটিগামী বেশ কিছু ট্রেন মাঝেরহাট বা বিবাদী বাগের বদলে টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ফলে তর্পণে যাওয়া দর্শনার্থী ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *