পরপর দুই ক্যাব চালক খুন, এন্টালির রোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য ভেদ পুলিশের!

বার্তা ডেস্কঃ

ডানকুনির অ্যাপ ক্যাব চালক রামজেশ কড়ি খুনের তদন্ত করতে গিয়েই কলকাতার এন্টালিতে ডিসি দে রোডে চালক ভগবান প্রসাদ গুপ্তকে শ্বাসরোধ করে খুন করার চাঞ্চল্যকর রহস্য ভেদ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গাড়ি চুরির উদ্দেশ্যে যাত্রী সেজে এই অপরাধ ঘটানো হয়েছিল বলে জানা গিয়েছে। গত ৫ অক্টোবর ডানকুনিতে এবং পরবর্তীতে এন্টালিতে একই কায়দায় চালকদের পা বেঁধে খুন করা হয়। এই ঘটনায় মধ্যমগ্রাম ও নিমতার বাসিন্দা তিন অভিযুক্ত মহম্মদ মনিরুল গাজি, শেখ শাহদাত এবং মহম্মদ আরিয়ান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতেরা অ্যাপের বাইরে সরাসরি চুক্তি করে গাড়ি ভাড়া করত এবং নির্জন স্থানে নিয়ে চালকদের গলা টিপে ও পা বেঁধে ফেলে দিত। ডানকুনির ঘটনায় ধৃতদের জেরা করার পরই এন্টালির হত্যাকাণ্ডের সঙ্গে তাদের যোগসূত্র স্পষ্ট হয়। শুক্রবার রাতে জেরায় অভিযুক্তেরা এন্টালির খুনের কথাও স্বীকার করে। সংঘটিত এই গাড়ি চুরি চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে চন্দননগর ও কলকাতা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *