হাঁটতে গিয়ে ফুটপাতে গাড়ি, জ্যামে নাজেহাল শহরবাসী! সমাধান আনছে কলকাতা পুরসভা।
বার্তা ডেস্কঃ
শহরের বিভিন্ন রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে যানজট ও পথচারীদের সমস্যা তৈরি করার চিরন্তন চিত্র বদলাতে ফের অ্যাপ-নির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নিল কলকাতা পুরসভা। বিগত জমানার অ্যাপের প্রযুক্তিগত ত্রুটি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ব্যবস্থা আনতে চলেছে প্রশাসন। পুরসভার নতুন এই পদক্ষেপে নির্দিষ্ট ও অনুমোদিত পার্কিং জোনেই কেবল গাড়ি বা বাইক রাখা বাধ্যতামূলক করা হচ্ছে, অন্যথায় ফুটপাথ বা রাস্তায় গাড়ি রাখলে বরদাস্ত করা হবে না।
পার্কিং ব্যবস্থায় চলা দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে কলকাতা পুলিশ ও পুরসভা যৌথভাবে এই নজরদারি চালাবে। নতুন প্রযুক্তির মাধ্যমে পার্কিং ফি, নির্দিষ্ট সময়সীমা এবং বেআইনি পার্কিংয়ের তথ্য একেবারে স্বচ্ছ রাখা হবে। একইসঙ্গে পার্কিংকর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক এবং সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের এই যুগোপযোগী পদক্ষেপে কলকাতার যানজট সমস্যা অনেকটাই কমবে এবং নাগরিক পরিষেবা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।