পুজোর আনন্দ মাটি! বাংলায় ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি!
বার্তা ডেস্কঃ
শারদোৎসবের আনন্দ ও উদ্দীপনার মধ্যেই রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির বাড়বাড়ন্ত। চলতি বছরে ইতিমধ্যেই রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১০ হাজার ১৭৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও বিগত বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম, তবুও পুজোর মরশুমেও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ও সক্রিয় রোগীর সংখ্যা প্রশাসনের চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২০২, আর চলতি মরশুমে এ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মোট ১৪ জন মানুষের প্রাণহানির তথ্য নথিভুক্ত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রাজ্য স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুরসভা শহরজুড়ে মশা নিধন ও নজরদারিতে বিশেষ সতর্কতা জোরদার করেছে। বিশেষ করে ৭৮ এবং ১০৯ নম্বর ওয়ার্ডকে বিশেষভাবে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা, আবহাওয়ার আচমকা পরিবর্তন ও এল নিনোর প্রভাবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই উপদ্রব বজায় থাকতে পারে। সংক্রমণ রুখতে ফিভার ক্লিনিকে নজরদারি বৃদ্ধি, দ্রুত রক্ত পরীক্ষা এবং যথাসময়ে চিকিৎসার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে রাজ্য প্রশাসন।