ভারতকে বাংলাদেশ হতে দেব না, বিস্ফোরক মনোজ মুনতাশির!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনের ডাক ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তীব্র বিতর্ক তৈরি করলেন প্রখ্যাত গীতিকার ও লেখক মনোজ মুনতাশির। ভিডিওতে তিনি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরাসরি নিশানা করেছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে।
তরুণদের উদ্দেশে মনোজ মুনতাশির দাবি করেছেন, জেন জি ও মিলেনিয়ালস প্রজন্মকে ভুল পথে চালিত করা হচ্ছে। তিনি অভিজিৎ দীপকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ‘বি-টিম’ হিসেবে অভিহিত করে বলেন, নেতার বড় পরাজয়ের পর তাঁকে ক্ষমতায় ফেরানোর জন্যই তরুণদের শক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, ধ্রুব রাঠির বিরুদ্ধে দেশের সাফল্যের মধ্যেও ষড়যন্ত্র খোঁজার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মনোজ ভিডিওর শেষে তরুণদের কাছে সতর্কবার্তা দিয়ে প্রশ্ন রেখেছেন, তাঁরা কি দেশকে বাংলাদেশ বা পাকিস্তানের পরিস্থিতির দিকে ঠেলে দিতে চান?