১০ কোটির মানহানি, ২৪ ঘণ্টায় ক্ষমা চাওয়ার চরম নির্দেশ! মহুয়া মৈত্রকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধন ও বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠানো হয়েছে। আইনজীবী রুচিরা মান্নার মাধ্যমে প্রেরিত এই নোটিসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাজমাধ্যম থেকে সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি না মানলে মহুয়ার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিসে বলা হয়েছে, মহুয়া মৈত্র তাঁর পোস্টে মনোজ আগরওয়ালকে ‘ভোট চোর’ ও বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে আক্রমণ করেছেন। এমনকি ‘বাঁচতে পারবেন না’ বলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। মনোজের দাবি, এই ধরনের মন্তব্য তাঁর দীর্ঘদিনের পেশাগত সততা ও নিরপেক্ষতাকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করেছে। তবে এই আইনি পদক্ষেপের জেরে শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্বে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *