গঙ্গার নিচে আদানির বিশাল টানেল প্রকল্প! বঙ্গে কি বদলাতে চলেছে ভাগ্যের চাকা?
বার্তা ডেস্কঃ
আগামী ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করার পর এবার পরিকাঠামো ক্ষেত্রে নতুন আগ্রহ প্রকাশ করল আদানি গোষ্ঠী। নিউটাউনে হাসপাতাল ও দার্জিলিংয়ে রোপওয়ে নির্মাণের পরিকল্পনার পাশাপাশি এবার গৌতম আদানির নজর পড়েছে গঙ্গার নীচ দিয়ে প্রস্তাবিত তারাতলা–সাঁকরাইল সড়ক টানেল প্রকল্পের ওপর। রাজ্য সরকারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এই মেগা প্রকল্পে দরপত্র আহ্বান করা হলে তাতে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে শিল্পগোষ্ঠীটি। এর ফলে শহরের তীব্র যানজট এড়িয়ে নির্বিঘ্নে পণ্য পরিবহণের পথ প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে এই লজিস্টিক ও পরিকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হয়। আদানি গোষ্ঠীর দাবি, রাজ্যের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্ভাবনা ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল। প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মিত হলে কলকাতা বন্দরের ভারী গাড়িগুলি শহরের জ্যাম এড়িয়ে সরাসরি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হতে পারবে। তবে এটি কেবল প্রাথমিক আগ্রহ এবং প্রকল্পের চূড়ান্ত রূপরেখা ও দরপত্রের শর্ত সামনে এলেই তাদের অংশগ্রহণের বাস্তব চিত্র স্পষ্ট হবে।