পানামায় জোড়া ভূমিকম্পের ধ্বংসলীলা, ধেয়ে আসছে দৈত্যাকার ঢেউ!
বার্তা ডেস্কঃ
মধ্য আমেরিকার দেশ পানামায় পর পর জোড়া তীব্র ভূমিকম্পে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও লণ্ডভণ্ড পরিস্থিতি। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পিতালোজা আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ও ১২ কিলোমিটার গভীরে প্রথম ৭.৭ মাত্রার জোরালো কম্পন অনুভূত হয়। এর ঠিক পরপরই ৬.৬ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ভয়াবহ এই বিপর্যয়ে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে ঘন ঘন বেশ কয়েকটি আফটারশক অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
বিপর্যয়ের পরপরই পানামা উপকূলসহ ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া ও গুয়াতেমালায় জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সাগরে ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা জানালে দ্রুত খালি করা শুরু হয় উপকূলীয় অঞ্চলগুলি। ঘটনায় এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও একাধিক মৃত্যুর চরম আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সে দেশের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।