মহালয়ার ভোরেই অলৌকিক দৃশ্য, সদ্যোজাতকে শুঁড়ে আগলে কোথায় চলল মা হাতি!

বার্তা ডেস্কঃ

মহালয়ার ভোরে দেবীপক্ষের শুভ আবাহনের মাঝেই ঝাড়গ্রামের অরণ্যভূমিতে ধরা পড়ল মাতৃত্বের এক অনন্য ও হৃদয়স্পর্শী ছবি। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা ও সিজডিহা এলাকায় সম্প্রতি এক হস্তিনীকে তার সদ্যোজাত ছানাকে শুঁড়ে সতর্কভাবে আগলে চাষের জমি পেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে যেতে দেখা যায়। খড়্গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জ এলাকায় গত চার দিন ধরে একটি হাতির দল অবস্থান করছিল। বন দপ্তরের আধিকারিকরা দলটিকে সুবর্ণরেখা নদী পার করিয়ে সরিয়ে নেওয়ার একাধিক চেষ্টা করলেও হাতির দলটি শেষ পর্যন্ত হাঁড়িভাঙা জঙ্গলেই ফিরে আসে। এরপর শনিবার ভোররাতে সিজডিহা এলাকার একটি চাষের জমিতে হাতির দলটি থাকাকালীন ওই হস্তিনী তার ছানার জন্ম দেয়।

সকালে মা ও সদ্যোজাত শাবকের নিরাপদে রাস্তা পারাপারের দৃশ্য স্থানীয় বাসিন্দাদের নজর কাড়ে, যা তাঁরা দূর থেকেই প্রত্যক্ষ করেন। কলাইকুণ্ডা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণয় সরকার জানান, হস্তিনীটি ভোররাতে বাচ্চা প্রসব করেছে এবং সদ্যোজাত ছানাটি সাথে থাকায় হাতির দলটি আরও কয়েক দিন এই এলাকায় অবস্থান করতে পারে। বন দপ্তর ইতিমধ্যেই পুরো দলটির গতিবিধির ওপর সতর্ক নজর রাখছে। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *