আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গ হবে কেমন, শুভেন্দুর মুখে বড় ঘোষণা!
বার্তা ডেস্কঃ 
কলকাতা: গত পাঁচ দশকে বাম ও তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ একটি নির্ভরশীল রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর এক প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগামী পাঁচ বছরে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে গুজরাত মডেল অনুসরণের কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটে অন্তত পঞ্চাশ শতাংশ লক্ষ্য পূরণের মাধ্যমে বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি। সেই সঙ্গে রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির রেকর্ড জয় প্রসঙ্গে তিনি বলেন, মানুষ সাম্প্রদায়িকতার দেওয়াল ভেঙে সরকারের উন্নয়নে আস্থা রেখেছেন।
অনুষ্ঠানে গুজরাতের মেহসানা জেলার ভদনগরে প্রধানমন্ত্রীর জন্মস্থানে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতাও শেয়ার করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সেবা সংকল্প অভিযান আয়োজনে পশ্চিমবঙ্গ চমৎকার কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এদিনের মঞ্চ থেকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা তুলে ধরে বাংলার আমূল পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি।