দুর্গাপুজোর মাঝেই কলকাতার জলে রণতরীর গর্জন, ভারতীয় নৌবাহিনীর নয়া শক্তি শ্রেয়স!

বার্তা ডেস্কঃ

শারদোৎসবের আবহেই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই-র তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘শ্রেয়স’ সাফল্যের সঙ্গে কলকাতার জলে নামানো হলো। ভারতীয় নৌসেনার জন্য তৈরি ‘নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল’-এর এই তৃতীয় যুদ্ধজাহাজটির প্রথাগত রীতিনীতি মেনে জলাবতরণ করান নৌসেনার ভাইস চিফ অ্যাডমিরাল অজয় কোচরের স্ত্রী রেম্যান কোচর। এর আগে ২০ মে ‘সঙ্ঘমিত্রা’ এবং ১১ অগস্ট ‘শ্রুতি’ নামে দুটি জাহাজ নামানো হয়েছিল। পাঁচ মাসেরও কম সময়ে পরপর তিনটি যুদ্ধজাহাজ জলে ভাসিয়ে তাক লাগিয়ে দিল এই প্রতিরক্ষা সংস্থা।

প্রায় ১১৩ মিটার দীর্ঘ ও ১৪.৬ মিটার চওড়া এই সুবিশাল যুদ্ধজাহাজের ওজন প্রায় তিন হাজার টন। সর্বোচ্চ ২৩ নট গতিসম্পন্ন জাহাজটি ১৪ নট গতিতে একটানা ৮৫০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম। উপকূলবর্তী অঞ্চল ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নজরদারি চালানো, জলদস্যু দমন, অনুপ্রবেশ প্রতিরোধ এবং বিশেষ সামরিক অভিযানে এটি ব্যবহৃত হবে। এছাড়াও যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, উদ্ধারকাজ ও মানবিক সহায়তা প্রদানকারী কার্যক্রমেও এই শক্তিশালী যুদ্ধজাহাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *