দিল্লিতে উত্তাল পরিস্থিতি, গ্রেফতার সিজেপির তিন শীর্ষ নেতা!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও যন্তর মন্তর অভিযানের দ্বিতীয় দিনে বড় পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে দিল্লি পুলিশের তরফে এই তথ্য জানানো হয় এবং সকাল ন’টায় তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। এর আগে শনিবার বিমানবন্দর ও বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়েছিল, যদিও গভীর রাতে ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দেওয়া হয়।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে শনিবার যন্তর মন্তরে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যার অনুমতি না থাকায় রাজধানীজুড়ে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গ্রেফতারির আগেই তিন নেতা একটি ভিডিও রেকর্ড করে যান, যেখানে তাঁরা আটক হলে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য অজিঙ্ক শিন্দের নাম ঘোষণা করেন। এদিকে, নেতাদের মুক্তির দাবিতে সিজেপির আইনি টিম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং রবিবারও নতুন করে যন্তর মন্তরে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। সামগ্রিক এই পরিস্থিতিতে রাজধানীজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা বজায় রয়েছে।