ডায়াল ১০০ অতীত, রাজ্যবাসীর সুরক্ষায় এবার ১১২! পুলিশের পিঠ চাপড়ালেন মুখ্যমন্ত্রী
বার্তা ডেস্কঃ
জরুরি বা আপৎকালীন সাহায্য পেতে পুরনো ১০০ নম্বরের পরিবর্তে এ বার থেকে ১১২ নম্বরে ফোন করতে হবে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্য পুলিশের এই নতুন আপৎকালীন পরিষেবা নম্বরটি আনুষ্ঠানিকভাবে চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রকল্প দেশজুড়ে চালু থাকলেও রাজ্যে এতদিন তা রূপায়ণ হয়নি। এই পরিষেবা আরও গতিশীল করতে রাজ্যের ৪৫০টি থানায় একটি করে ১১২ নম্বরযুক্ত গাড়ি ও মোটরসাইকেল দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় আরও তিনটি করে গাড়ি ও দুই চাকা দেওয়ার পাশাপাশি প্রতি থানায় মহিলা পুলিশকর্মীসহ ২০ জনের বিশেষ দল গঠনের ঘোষণা করা হয়েছে।
এ দিন রাজ্য পুলিশের দক্ষতা ও মেধাকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, এনআইএ, সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তুলনায় এ রাজ্যের পুলিশের দক্ষতা কোনও অংশে কম নয়। বিগত জমানায় পরিকাঠামোগত উন্নয়ন না হওয়া এবং পুলিশকর্মীদের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি অতীত রাজনীতির কঠোর সমালোচনা করেন। মাদক ব্যবসা, বাল্যবিবাহ কিংবা নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বিন্দুমাত্র রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে পুজোর আগেই রাজ্য পুলিশে ১১ হাজারের বেশি নতুন কনস্টেবল যোগ দেওয়ার সুখবরও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।