মণিপুরে ফের রক্তগঙ্গা! ৪৮ ঘণ্টায় মৃত ৯, মোদির শরণাপন্ন মুখ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ

মণিপুরে অশান্তির আগুন কিছুতেই নিভছে না। গত ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসার ঘটনায় রাজ্যে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। কামজং জেলার চাসাদ গ্রামে প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যার অভিযোগের পরেই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

১৯৯২ সাল থেকে শুরু হওয়া কুকি-নাগা সংঘাত এবং পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সংঘর্ষে রাজ্যে ইতিমধ্যে বহু প্রাণহানি ঘটেছে। বর্তমান মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংয়ের নেতৃত্বে রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা চলছে এবং প্রধানমন্ত্রী মোদি রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে আর মাত্র পাঁচ মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা থাকায়, এই লাগাতার হিংসার জেরে নির্ধারিত সময়ে ভোট হওয়া নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *