দিল্লিতে গণগ্রেপ্তার, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে স্বস্তি!

বার্তা ডেস্কঃ

দিল্লিতে সিজেপি-র বিক্ষোভ ঘিরে পুলিশি ধরপাকড়ের ঘটনায় কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ ও নিরস্ত্র আন্দোলনকারীদের আইনসম্মত পদ্ধতি ছাড়া কোনোভাবেই আটক করা যাবে না। একই সঙ্গে রাজধানীর জনজীবন স্বাভাবিক রাখতে মেট্রো ও রেল পরিষেবা সচল রাখা, ইন্টারনেট পরিষেবা বন্ধ না করা এবং সাধারণ মানুষের যাতায়াতের ওপর থেকে সব ধরনের অপ্রয়োজনীয় বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ডাকা এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রায় সাত হাজার মানুষকে আটকের পরই আদালতের এই কড়া বার্তা সামনে এল।

রবিবারের বিশেষ শুনানিতে আদালত জানায়, সংবিধান স্বীকৃত মতপ্রকাশ ও জমায়েতের অধিকার থাকলেও জনশৃঙ্খলা রক্ষায় তা আইন মেনেই করতে হবে। তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা আর বিধিনিষেধ আরোপ করা এক বিষয় নয়। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, শনিবার মেট্রো ও ইন্টারনেট পরিষেবা আংশিক চালু ছিল এবং রাত দশটার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তা সত্ত্বেও আদালত সন্তুষ্ট না হয়ে দিল্লি পুলিশ, মেট্রো ও রেল কর্তৃপক্ষকে আটকের সুনির্দিষ্ট কারণ দেখিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *