আদালতের নির্দেশ উপেক্ষা করে মেট্রো বন্ধ, দিল্লিতে জরুরি শুনানি আজ!

বার্তা ডেস্কঃ

রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ট্রেন ও মেট্রো পরিষেবা সচল রাখার সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও গণপরিবহণে কড়া বিধিনিষেধ বজায় রাখার অভিযোগ উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের বিক্ষোভ আটকাতে ট্রেন বাতিল ও মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের চরম ভোগান্তি ও সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নিয়ে সরব হয়েছেন আইনজীবী শৈলেন্দ্র মণি।

পূর্ববর্তী শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে, নিরাপত্তার অজুহাতে আমজনতাকে গণপরিবহণ থেকে পুরোপুরি বঞ্চিত রাখা যায় না। সব মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তকে অবাস্তব আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ সংশোধিত নির্দেশিকা জারির আদেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করে গণপরিবহণে নিয়ন্ত্রণ অব্যাহত রাখায় রবিবারই দুই বিচারপতির বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হতে চলেছে। মামলাকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রোরেলের চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে আদালত অবমাননার শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *