জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার যন্তর মন্তরে আছড়ে পড়বে জনস্রোত!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার সকাল ১০টায় দিল্লির যন্তর মন্তরে ফের বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও অন্যান্য নেতাদের অবিলম্বে মুক্তি এবং ১২ কোটি ভোটারের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সংগঠক অজিঙ্কা শিন্ডে পরিষ্কার জানিয়েছেন, পুলিশি বাধা কিংবা আটক করে এই প্রতিবাদ থামানো যাবে না।
শনিবার দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলন দমন করতে অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। দীর্ঘ সময় ধরে তাঁদের অবস্থান অজানা থাকায় এবং রবিবার সকালে পরিবারের এক প্রবীণ সদস্যের শেষকৃত্যের আগে অভিজিতের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ায় ক্ষোভ বেড়েছে। পুলিশের এই পদক্ষেপে পিছপা না হয়ে উলটে দিল্লির মাটিতে আরও বৃহত্তর প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে CJP। রবিবারের এই বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।