‘পারলে আমাকে কনুই মারত!’, দলবদলুদের নিয়ে বিস্ফোরক অভিষেক!
বার্তা ডেস্কঃ
মহালয়ার দিন কলকাতার কালীঘাটে নমো-নমো করে প্রকাশিত হল তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’-র উৎসব সংখ্যা। এদিনের অনুষ্ঠান থেকে নাম না করে দলত্যাগী নেতা ও বিগত দিনের দলীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি জানান, অতীতে যাঁরা ভালো সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ভিড় জমাতেন এবং তাঁকে ঘিরে রাখতেন, আজ কঠিন সময়ে তাঁরা দল ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।
অনুষ্ঠানে দলের দুর্দিনের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, একটা এফআইআর হওয়ার আগেই বহু নেতা দল ছেড়ে পালিয়েছেন। অথচ তাঁর নিজের বিরুদ্ধে একাধিক এফআইআর হওয়া সত্ত্বেও তিনি দলের সঙ্গেই মাটি কামড়ে পড়ে আছেন। যে দল মন্ত্রী, সাংসদ ও বিধায়ক হওয়ার সুযোগ করে দিল, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি, প্রতিকূল পরিস্থিতিতেও দলের পাশে থেকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রবীণ সাংসদ সৌগত রায়কে ধন্যবাদ জানান ডায়মন্ড হারবারের সাংসদ।