যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ধ্রুব রাঠি, তবে কি নিয়ম লঙ্ঘনের দায়?
বার্তা ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জাতীয় রাজনীতিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই শনিবার সকালে গুরুগ্রামের বাসা থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর ভারতে প্রবেশ, ভিসার শর্ত এবং নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক নতুন মোড় নিয়েছে। বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে ধ্রুবর সফরসংক্রান্ত সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।
১৯৯৪ সালে হরিয়ানায় জন্ম নেওয়া ধ্রুব উচ্চশিক্ষার সূত্রে জার্মানিতে বসবাস করলেও তাঁর বর্তমান নাগরিকত্ব ও ভিসার আইনি অবস্থান নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। ভারতীয় আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকায় তিনি কোন পাসপোর্টে এবং কী শর্তে ভারতে এসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে যে নির্দিষ্ট কর্মসূচির অনুমতি না থাকার কারণেই তাঁকে আটক করা হয়েছে, তবুও অভিবাসন বিধি বা বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে কড়া নজরদারি শুরু হয়েছে।