জয়া বচ্চনকে উত্যক্ত করবেন না, পাপারাজ্জিদের কড়া বার্তা দিলেন তানিশা!

বার্তা ডেস্কঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। মুম্বইয়ে প্রকাশ্যে বেরোলে ক্যামেরা উঁচিয়ে তাঁকে অনুসরণ করা নিয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ বছর উত্তর বোম্বে সর্বজনীন দুর্গাপুজোর প্রাক্কালে তাই আলোকচিত্রীদের উদ্দেশ্যে এক বিশেষ সতর্কবার্তা দিলেন কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। জুহুর এসএনডিটি ময়দানে ঐতিহ্যবাহী এই পুজোর প্রস্তুতির মাঝে এক সংবাদ সম্মেলনে তানিশা সোজাসুজি জানান, মণ্ডপে ভিড়ের মধ্যে যেন জয়া বচ্চনকে অনর্থক বিরক্ত করা না হয়। গণমাধ্যম ও সাধারণ মানুষকে একে অপরের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা বজায় রাখার আর্জি জানান তিনি।

ঐতিহ্যবাহী এই পুজোয় প্রতি বছরই রানি মুখোপাধ্যায়, কাজল ও অয়ন মুখোপাধ্যায়ের পাশাপাশি জয়া বচ্চন উপস্থিত থাকেন। প্রয়াত দেব মুখার্জির পর পুজো পরিচালনার দায়িত্ব এখন পরিবারের পরবর্তী প্রজন্মের হাতে। জয়া বচ্চনকে নিয়ে আলোকচিত্রীদের আচরণ প্রসঙ্গে কিছুটা হালকা চালে তানিশা বলেন, আপনারা সবাই ওঁকে অনেক উত্যক্ত করেন এবং ইচ্ছে করেই উস্কে দেন। তিনি পুজো মণ্ডপের পরিবেশ ও শালীনতা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান, যাতে উৎসবে এসে প্রবীণ এই শিল্পীকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *