বিরিয়ানির বিজ্ঞাপনে মা দুর্গার ছবি! তীব্র জনরোষে নামানো হলো সব হোর্ডিং

বার্তা ডেস্কঃ

মহালয়ার রাতেই বিরিয়ানির দোকানের বিজ্ঞাপনকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়াল হুগলির হিন্দমোটর বেঙ্গল শ্রীরাম গ্র্যান্ড সিটি এলাকায়। একটি বিরিয়ানির দোকানের প্রচার হোর্ডিংয়ে মা দুর্গার ছবি ব্যবহার করাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, আমিষ খাবারের বিজ্ঞাপনে দেবীর ছবি ব্যবহার করে সনাতন ধর্ম ও হিন্দু ভাবাবেগে চরম আঘাত করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনার খবর পৌঁছায় উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। বিজেপি কর্মীদের তরফে বিজ্ঞাপনদাতাকে ফোন করে কড়া বার্তা দেওয়া হয় এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হস্তক্ষেপ করে স্থানীয় পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলার অবনতি এড়াতে এবং বিতর্ক সামাল দিতে পুলিশ বিরিয়ানির দোকানের মালিককে কড়া সতর্কতা দেয়। পুলিশের চাপের মুখে পড়ে উক্ত বিরিয়ানির দোকানের মালিক থানায় গিয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং সমস্ত বিতর্কিত হোর্ডিং খুলে ফেলার মুচলেকা দেন। পরবর্তীতে সমস্ত হোর্ডিং রাতারাতি সরিয়ে ফেলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দেবীপক্ষের সূচনাতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক জল্পনা ও চর্চা অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *