পুরুলিয়ায় কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার, তন্ত্রসাধনার বলি নাতি!

বার্তা ডেস্কঃ

পুরুলিয়ার বাঘমুন্ডিতে তন্ত্রসাধনায় নিজের নাতিকে উৎসর্গ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিশুর ঠাকুরদাকে। ২৯ সেপ্টেম্বর ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঠাকুরদার ঘর থেকে তন্ত্রসাধনায় ব্যবহৃত একটি বিশেষ যন্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি, অতীতেও এই পরিবারে একাধিক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও স্নিফার ডগের সাহায্যে তল্লাশিতে ঠাকুরদার দিকেই সন্দেহের তির ঘুরতে শুরু করে। এরপর পুলিশ ও তদন্তকারীরা পরিবারের সদস্যদের দফায় দফায় জেরা করে অসঙ্গতি পান। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে জীবিত অবস্থাতেই শিশুটিকে কুয়োয় ফেলা হয়েছিল। বর্তমানে ধৃত ঠাকুরদাকে পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এবং এই নৃশংস খুনের নেপথ্যে সত্যি কোনো তন্ত্রসাধনার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *