রবি ঠাকুরের ছবিতে কালি মাখানোর দুঃসাহস, গ্রেফতার ৪!
বার্তা ডেস্কঃ
বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন অঙ্কিত গ্রাফিতিতে কালি মাখানোর অভিযোগে চারজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাইরে এক তরুণী কালো কালি দিয়ে কবিগুরুর প্রতিকৃতি বিকৃত করার চেষ্টা চালান বলে খবর পাওয়া গেছে। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগ এনেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন এবং তারা সকলেই একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ঘটনার খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভারতে এবং বাংলাদেশে সমানভাবে শ্রদ্ধেয় বিশ্বকবির গ্রাফিতি অবমাননার এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল এবং এতে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’-র রচিয়তা। উল্লেখ্য, বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতি বা ঐতিহ্যবাহী স্থান লক্ষ্য করে এমন বিদ্বেষমূলক হামলার ঘটনা এবারই প্রথম নয়। ইতিপূর্বেও দেশটির বিভিন্ন স্থানে উগ্র মৌলবাদী গোষ্ঠী রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান এবং ভাস্কর্য ক্ষতিগ্রস্ত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তদের ভূমিকা পরিষ্কার করতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।