দেশ ছাড়বেন ধ্রুব রাঠি? ভারতীয় নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ইউটিউবার!
বার্তা ডেস্কঃ
শনিবার বাড়ি থেকে আটক হওয়ার পর মধ্যরাতে মুক্তি পেয়ে নিজের নাগরিকত্ব নিয়ে যাবতীয় জল্পনার কড়া জবাব দিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। সম্প্রতি একটি রাজনৈতিক আন্দোলনে তাঁর যোগদান ঘিরে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে তিনি একজন জার্মান নাগরিক এবং ভিনদেশী হিসেবে তিনি ভারতে এ ধরনের আন্দোলনে অংশ নিতে পারেন না। এই অভিযোগ উড়িয়ে দিয়ে রবিবার একটি ভিডিও বার্তায় নিজের ভারতীয় পাসপোর্ট প্রকাশ্যে আনেন তিনি। ধ্রুব স্পষ্ট ভাষায় জানান, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর বিরুদ্ধে ছড়ানো সমস্ত গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
পাশাপাশি, তাঁকে আটক বা গ্রেফতার করার ঘটনাটি সরাসরি অপহরণের সামিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন এই ইউটিউবার। ধ্রুব রাঠির দাবি, শনিবার সকালে প্রায় কুড়িজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বেডরুমে জোর করে ঢুকে পড়েন এবং তাঁকে জুতো পরার সুযোগ না দিয়েই টেনেহিঁচড়ে তুলে নিয়ে যান। তাঁর ফোন কেড়ে নেওয়া হয় এবং ২২ থেকে ২৩ ঘণ্টা তাঁকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনাকে তীব্র ভাষায় সমালোচনা করে তিনি দেশে অঘোষিত জরুরি অবস্থার পরিবেশ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন। তবে এই সম্পূর্ণ পরিস্থিতিতেও তিনি পিছপা হবেন না এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশের সংবিধান প্রদত্ত সমস্ত অধিকার রক্ষায় অনড় থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।