ক্যামাক স্ট্রিট কাণ্ড, পুলিশকে মারধরের অভিযোগে ফের বিপাকে অভিষেক!

বার্তা ডেস্কঃ

কলকাতা: রবিবারের ছুটির দুপুর কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো। আচমকাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনে হাজির হয় শেক্সপিয়ার সরণি ও কালীঘাট থানার পুলিশ।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের বিতর্কিত ‘বেআইনি’ বিলবোর্ড খোলার সময় কর্তব্যরত পুলিশকর্মীদের নিগ্রহ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই এবার সরাসরি হাজিরা দেওয়ার আইনি নোটিশ দেওয়া হলো তাঁকে। কলকাতা পুরনিগমের (KMC) অভিযোগের ভিত্তিতে আগামী সোমবার সকাল ১০টায় শেক্সপিয়ার সরণি থানায় সশরীরে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দরজায় ২০ মিনিটের অপেক্ষা ও নোটিশ হস্তান্তর পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা কালীঘাট থানাকে সঙ্গে নিয়ে ১২১ নম্বর কালীঘাট রোডের বাসভবনে পৌঁছান। তবে সেখানে যাওয়ার পর তদন্তকারীদের প্রায় ২০ মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়। পরবর্তীতে দরজা খোলা হলে বাড়ির লোকজনের হাতে সেই তলবি নোটিশ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত বুধবারও পুরনিগমের অন্য একটি মামলায় নোটিশ দিতে পুলিশ গিয়ে ফেরত এসেছিল, কারণ তখন অভিষেক বাড়িতে ছিলেন না। তবে রবিবারের এই আকস্মিক পদক্ষেপে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছিল ক্যামাক স্ট্রিটে? ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের একটি বিতর্কিত বিলবোর্ড সরাতে যান পুরনিগমের কর্মীরা। অভিযোগ, সেই সময়ে পুরকর্মীদের কাজে চরম বাধা সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছালে তাদের জামার কলার ধরে মারধর করা, এমনকি ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ ওঠে। মহিলা পুলিশকর্মীদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করা হয় বলে জানা যায়।

হেভিওয়েটদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা এই অনভিপ্রেত ঘটনার পর পুরনিগমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানায় মোট তিনটি পৃথক মামলা রুজু হয়। পুলিশ জানিয়েছে, এর মধ্যে দু’টি মামলায় ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের মতো একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে।

এর আগেও অন্য একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। রবিবারের এই নোটিশ জারি করার পর সোমবার সকালে তিনি শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেন কি না, এখন সেদিকেই চোখ রাজ্য রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *