হার্ভার্ড স্বপ্ন আর হলো না, প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী স্বর্ণপদকজয়ী তরুণী!
বার্তা ডেস্কঃ
আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্নপূরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো পাকিস্তানের এক মেধাবী ছাত্রীর। সারগোধার বাসিন্দা ২০ বছর বয়সি স্বর্ণপদকজয়ী লাইবা ইজাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থেকে বিজ্ঞানী হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। মেয়ের এই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে তাঁর দুধ বিক্রেতা বাবা নিজের শেষ সম্বল জমি বিক্রি এবং স্ত্রীর গয়না বন্ধক রেখে লক্ষ লক্ষ টাকা জোগাড় করেছিলেন। কিন্তু অভিযোগ, বিদেশে ভর্তি ও ভিসা পাইয়ে দেওয়ার নাম করে মোহাম্মদ নোমান নামের এক ব্যক্তি তাঁদের সঙ্গে প্রতারণা করেন এবং ভুয়ো নথিপত্র ধরিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেন।
সর্বস্ব হারিয়ে এবং প্রতারণার মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত চরম পথ বেছে নেন লাইবা। সম্প্রতি ইসলামাবাদের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতোমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। মেধাবী এক তরুণীর এমন অপমৃত্যু এবং প্রতারকদের খপ্পরে পড়ার এই ঘটনায় শোকে স্তব্ধ তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।