২৩ বছরের সফল ক্যারিয়ারে ইতি, বাবা-মায়ের টানে দেশে ফিরছেন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট!

বার্তা ডেস্কঃ

প্রযুক্তির চরম উৎকর্ষ ও কোটি টাকার লোভনীয় ক্যারিয়ার পেছনে ফেলে হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেশবন শানমুগম। দীর্ঘ ২৩ বছরের গৌরবময় কর্মজীবনে ইতি টেনে তিনি ফিরছেন ভারতে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষেত্রে প্রতিযোগিতার এই সময়ে সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিশেষ করে মাইক্রোসফটের ‘এক্সেল কো-পাইলট’ এবং ‘এজেন্টিক এআই’ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। এআই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থেকেও সাফল্য ও মোটা অঙ্কের বেতন ছেড়ে হুট করে তাঁর এভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্তে চমক সৃষ্টি হয়েছে প্রযুক্তি দুনিয়ায়।

আসলে সব পেশাগত সাফল্যকে তুচ্ছ করে কেশবনের কাছে অগ্রাধিকার পেয়েছে মাটির টান ও বয়স্ক বাবা-মায়ের প্রতি ভালোবাসা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে দেওয়া একটি আবেগঘন পোস্টে নিজের অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান, ভারতে বসবাসকারী প্রবীণ বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতেই তাঁর এই কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব সহকর্মী এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ছেড়ে আসা সহজ ছিল না, তবে পরিবার ও বন্ধুদের সান্নিধ্য পাওয়াকেই তিনি সঠিক বলে মনে করেছেন। করপোরেট দুনিয়ার সমস্ত জাঁকজমক ও শীর্ষ পদ ত্যাগ করে বাবা-মায়ের পাশে দাঁড়ানোর এই ঘটনা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বহুল চর্চিত ও প্রশংসিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *