৫০০ কোটির ধাক্কা! বোতল থেকে মুছে ফেলা হচ্ছে ‘রাম’ নাম!
বার্তা ডেস্কঃ
জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্কের বোতলে আর সরাসরি ‘রাম’ লেখা যাবে না, তার বদলে লিখতে হবে ‘রামের মতো’। বোম্বে হাইকোর্টে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) স্পষ্ট জানিয়েছে যে প্রস্তুতকারক সংস্থা মোহন রকি স্প্রিংওয়াটার এই লেবেল পরিবর্তন করলেই কেবল বিক্রির অনুমতি মিলবে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, পণ্যটিতে নিউট্রাল স্পিরিটের ওপর অতিরিক্ত ফ্লেভার মেশানো হয় যা গ্রাহকদের বিভ্রান্ত করে। তাই এটিকে ‘ফ্লেভারড স্পিরিট’ বা ‘রাম-সদৃশ’ হিসেবে চিহ্নিত করা বাধ্যতামূলক। FSSAI-এর এই কঠোর অবস্থানের জেরে দুই পক্ষের আইনি বিতর্ক এখন তুঙ্গে।
অন্যদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে উৎপাদনকারী সংস্থা। আদালতে তাদের আইনজীবী জানিয়েছেন, মহারাষ্ট্রের থানে জেলা ইউনিটে বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় কো ম্পা নির ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এবং রাজস্ব হারিয়েছে আবগারি দফতরও। একইসাথে প্রায় ৩০০ জন কর্মী কাজ হারিয়েছেন। সংস্থার দাবি, নিয়ম মেনেই অনুমোদিত উপাদান ব্যবহার করা হচ্ছে এবং বাজারের অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ডগুলোও একই পদ্ধতি অনুসরণ করছে। অথচ কেবল তাদের ওল্ড মঙ্কের ওপরই এই বৈষম্যমূলক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।