নন্দীগ্রাম-রেজিনগরে পদ্ম ফুটতেই শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি, সংখ্যালঘুরাও এবার বিজেপির সাথে!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার মুরলিধর সেন লেনে আয়োজিত বিজেপির বিজয় মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, বিজেপিকে নিয়ে বিরোধীরা সংখ্যালঘুদের মনে যে ভীতি তৈরি করেছিল, তা কাটতে শুরু করেছে। আগে বিজেপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হলেও এখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরাও বিজেপির দিকে ঝুঁকছেন।তাঁর মতে, রাজ্য বিজেপি কেবল হিন্দু সম্প্রদায়ের ওপর নির্ভর করে চলে— এই ধারণার অবসান ঘটেছে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভোটের আগে সংখ্যালঘুদের মধ্যে প্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে তাঁরা ধর্ম পালন করতে পারবেন না কিংবা তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে ২০২১ সালে ভাষা, জাত ও পরিচয় নিয়ে মানুষ ভাগ করার যে রাজনীতি দেখা গিয়েছিল, তা এবার ব্যর্থ হয়েছে। দার্জিলিং ও মতুয়া সমাজে বিভাজন ঘটানোর চেষ্টার কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানান, ২০২৬ সালের নির্বাচনে জনগণ একজোট হয়ে উন্নয়নের পক্ষে রায় দেবেন। নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় এবং রেজিনগরের সাফল্যকে সামনে রেখে তিনি সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *