১১২ ডায়ালে সাড়া দিতে দেরি? এবার কড়া ব্যবস্থা নেবে লালবাজার!
বার্তা ডেস্কঃ
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে কলকাতা পুলিশের ইআরএসএস অর্থাৎ এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের গাড়ি ও বাইক নিয়ে কঠোর পদক্ষেপ করল লালবাজার। এখন থেকে এই বিশেষ গাড়িগুলি থানার রুটিন ডিউটি বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। মহালয়া উপলক্ষে পুলিশের বহরে যুক্ত হওয়া ৪৫০টি গাড়ি ও বাইক নির্দিষ্ট জায়গায় মোতায়েন রাখতে হবে। কন্ট্রোল রুম থেকে এগুলির অবস্থানের উপর সর্বক্ষণ নজরদারি চালানো হবে এবং শিফট শুরুর আগেই সমস্ত প্রযুক্তিগত দিক ও প্রাথমিক চিকিৎসার কিট পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো জরুরি ফোন আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট টিমকে ঘটনাস্থলে রওনা দিতে হবে এবং ঘটনাস্থলে পৌঁছে অগ্রাধিকার ভিত্তিতে প্রাণরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। দশ মিনিটের বেশি দেরি হলে বা গাড়িগুলির কোনো অপব্যবহারের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ডিভিশনাল ডিসি এবং থানার ওসিকে তদন্ত করে রিপোর্ট দিতে হবে। লালবাজারের স্পষ্ট নির্দেশ, অনুমতি ছাড়া এই যানবাহন অন্য কাজে ব্যবহার করা হলে বা সাড়া দিতে দেরি করলে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।