পুরুলিয়ায় মাওবাদীদের গোপন আস্তানায় হানা, উদ্ধার অস্ত্র ও কার্তুজ!
বার্তা ডেস্কঃ
পুরুলিয়ার বান্দোয়ানের ঘন জঙ্গলে পুরনো মাওবাদী ডেরা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বাংলা-ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এই জঙ্গল এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নেমে তিনটে .৩১৫ বোরের বোল্ট অ্যাকশন রাইফেল, একটি .৩৮ বোরের রিভলভার এবং ৩৬ রাউন্ড দূরপাল্লার ধ্বংসাত্মক কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের হাতে ধৃত তিন মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া সূত্রের ভিত্তিতে পুরুলিয়া জেলা পুলিশ, এসটিএফ, সিআইএফ এবং সিআরপিএফের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
সাম্প্রতিক সময়ে একাধিক মাওবাদীর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি প্রাক্তন মাওবাদী ক্যাডারদের ফেলে যাওয়া এবং এই জঙ্গল চত্বরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে। সেই সমস্ত অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে এবং আগামী দেড়মাসের মধ্যে আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।