দলীয় অনুষ্ঠানে বিধায়কদের অনুপস্থিতি, শমীক ভট্টাচার্যের নিশানায় কে?

বার্তা ডেস্কঃ

মঙ্গলবার হাওড়ায় বিজেপির এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দলের শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের নির্দিষ্ট অনুষ্ঠানে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দেন যে, পার্টির ঊর্ধ্বে কেউ নন। পার্টি থাকলেই বিধায়ক বা সাংসদরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন, তাই দলই সবার আগে হওয়া উচিত। অনুষ্ঠানে সংখ্যালঘুদের সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পেরেই তারা বিজেপির দিকে ঝুঁকছেন, যা সংগঠনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শমীক বলেন, বাঙালিদের ওপর আস্থা না থাকায় তাঁকে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করতে হচ্ছে। তিনি দাবি করেন, রাজ্যে বিরোধীদের অনুপস্থিতি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। আগামী দিনে হাওড়া জেলা পরিষদ ও স্থানীয় পঞ্চায়েতগুলি দখলের ডাক দিয়ে তিনি নেতাকর্মীদের পুরনো সমস্ত কর্মীদের দলে ফিরিয়ে এনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *