মাত্র ১ টাকায় রাজকীয় বিরিয়ানি-মিষ্টি! পুজোর আগে তিলোত্তমায় শুরু হচ্ছে চমকে দেওয়া মানবিক উদ্যোগ
বার্তা ডেস্কঃ
মহালয়ার প্রাক্কালে উৎসবের আনন্দকে ভাগ করে নিতে কলকাতার বুকে এক অভূতপূর্ব উদ্যোগ চালু হতে চলেছে। লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিৎ লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে কলকাতার রাজাবাজার চত্বরে পথ চলা শুরু করছে বিশেষ ‘আহার ক্যান্টিন’। বর্তমান বাজারে নামমাত্র মূল্যে পেট ভরে খাওয়ানোর কথা অনেকেই ভাবলেও, এই ক্যান্টিনে মাত্র এক টাকার প্রতীকী মূল্যে দুঃস্থ ও মেহনতি মানুষের পাতে তুলে দেওয়া হবে এক বেলার পুষ্টিকর ও সুস্বাদু খাবার। প্রাথমিক পর্যায়ে প্রতি শনিবার করে এই পরিষেবা চালু থাকবে এবং প্রতি সপ্তাহে অন্তত ২০০ জন সাধারণ মানুষ এর সুফল পাবেন।
শুরুর দিনেই এই আহারের থালিতে থাকছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের সুস্বাদু তরকারি এবং একটি মিষ্টি। ইতিপূর্বে সরকারি উদ্যোগে পাঁচ টাকায় ‘মা ক্যান্টিন’ বা ‘মা আহার ক্যান্টিন’-এর মতো প্রকল্প চালু থাকলেও, মাত্র এক টাকায় এমন রাজকীয় পদের আয়োজন সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। ফুটপাথবাসী, দিনমজুর ও চরম আর্থিক সঙ্কটে থাকা মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই মানবিক প্রচেষ্টা শহরের উৎসবের আমেজকে আরও অর্থবহ করে তুলবে বলেই মনে করছেন স্থানীয়রা।