মহাসপ্তমীতে বাংলায় অমিত শাহ, জেনে নিন তাঁর ঠাসা কর্মসূচি!
বার্তা ডেস্কঃ
মহাসপ্তমীতে বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এটিই বাংলার প্রথম দুর্গাপুজো। এর আগে মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের মেগা ইভেন্টে তাঁর থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়ে গিয়েছিল। তবে পুজো উদযাপনের আমেজ সশরীরে উপভোগ করতে মহাসপ্তমীর দিনেই তিনি বাংলায় পৌঁছচ্ছেন। সকালে আগমন ঘটার পর পুরো দিন জুড়ে একাধিক স্থান ও পুজো মণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর।
সফরের শুরুতেই অমিত শাহের সকালে ঐতিহাসিক বেলুড় মঠ দর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন। এরপর সৌজন্য সাক্ষাত সেরে দুপুর প্রায় দেড়টা নাগাদ তাঁর গন্তব্য চেতলা ২৪ পল্লির মণ্ডপ। দুপুর দুটোয় চেতলা থেকে বেরিয়ে শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজো পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সবশেষে তিনি শ্রীভূমির নজরকাড়া দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখবেন।