পুজোর আনন্দ মাটি হবে? জেনে নিন চতুর্থী থেকে দশমী কেমন কাটবে আপনার!
বার্তা ডেস্কঃ
রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়পর্ব শুরু হলেও পুজোর আনন্দ ম্লান করতে আকাশে উঁকি দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ অক্টোবর বাংলা থেকে মৌসুমী বায়ুর সম্পূর্ণ বিদায় ঘটার কথা রয়েছে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে চতুর্থী থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি, ১৫ ও ১৬ অক্টোবর অর্থাৎ পঞ্চমী ও ষষ্ঠীতেও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির রেশ বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, শহর কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। পঞ্চমীতেও কলকাতার কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। স্বস্তির খবর হলো, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গ—উভয় অঞ্চলেই বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। ফলে মহাষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা জোরালো হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা।