দুর্গাপুর-আসানসোলবাসীর জন্য পুজোর বড় উপহার, এল ৫টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুর-আসানসোলবাসীকে পুজোর বিশেষ উপহার দিল রাজ্য সরকার। তিনটি গুরুত্বপূর্ণ রুটে চালু করা হলো পাঁচটি নতুন অত্যাধুনিক সরকারি বাস। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাসে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলির শুভ সূচনা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক যথাক্রমে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষসহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।

কোন কোন রুটে চলবে নতুন বাসগুলি? ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCAP)-এর অধীন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় এই পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাসগুলি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি বাসের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ টাকা। এছাড়া বৈদ্যুতিক বাসগুলির নির্বিঘ্ন চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে আসানসোলে একটি নতুন ইভি চার্জিং স্টেশনও চালু করা হয়েছে।

নির্ধারিত রুটবিন্যাস অনুযায়ী:

  • প্রথম রুট: দুটি বাস দুর্গাপুরের বেনাচিতি থেকে চন্ডিদাস বাজার ও ভগৎ সিং মোড় হয়ে বর্ধমান রুটে চলাচল করবে।
  • দ্বিতীয় রুট: দুটি বাস দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে সরাসরি আসানসোল রুটে পরিষেবা দেবে।
  • তৃতীয় রুট: একটি বাস দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে।

এই পাঁচটি নতুন বাস যুক্ত হওয়ার ফলে একদিকে যেমন পরিবেশবান্ধব গণপরিবহণের প্রসার ঘটছে, তেমনই বিশেষভাবে সক্ষম যাত্রীরাও যাতে অত্যন্ত সহজে যাতায়াত করতে পারেন, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই জনপরিষেবার উন্নয়নে নিরলস কাজ করে চলেছে সরকার। একাধিক বন্ধ হয়ে যাওয়া রুট পুনরায় চালুর পাশাপাশি বহু নতুন রুট এবং সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপুর ও আসানসোলে এই নতুন বৈদ্যুতিক বাসগুলির সংযোজন যে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরও অনেক বেশি সহজ ও আরামদায়ক করে তুলবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *