উৎসবের মরশুমে সরকারের বড় চমক, এবার বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে বড় চমক দিল একাধিক রাজ্যের সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার আওতায় থাকা উপভোক্তারা এই বিশেষ সুবিধা পাবেন। চার রাজ্যে উৎসবের উপহার হিসেবে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দিল্লির রেশন কার্ড গ্রাহকেরা বছরে ২টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাবেন, যার একটি মিলবে দীপাবলির আগে এবং অন্যটি হোলির সময়। একই ভাবে উত্তরপ্রদেশ সরকারও তাদের রাজ্যের উপভোক্তাদের বিনামূল্যে ২টি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করবে।
অন্য দিকে অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের তরফে উপভোক্তাদের আরও বড় উপহার দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশে নতুন চালু হওয়া ‘দীপম ২.০’ প্রকল্পের অধীনে উপভোক্তারা বছরে ৩টি করে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। একই সুবিধা প্রযোজ্য হবে উত্তরাখণ্ড রাজ্যের অধিবাসীদের জন্যও। মূলত উৎসবের আবহেই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দীপাবলির আগেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর যোগ্য উপভোক্তারা সরকারের এই সুবিধা পাওয়া শুরু করবেন।