দুর্গাপুজোর মুখে সুজিতের কপালে চিন্তার ভাঁজ, অন্যদিকে সব্যসাচীর ঘরে খুশির জোয়ার!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর ঢাঁকের বাদ্যি বাজার মুখেই কলকাতা হাইকোর্টের জোড়া রায়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ‘কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ’— এই প্রবাদকেই যেন সত্যি করে দিল আদালতের সিদ্ধান্ত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন সোজাসুজি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ঐতিহ্যবাহী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল কাণ্ডারী সুজিত বসুকে এবারের সম্পূর্ণ শারদোৎসব কাটাতে হবে জেলের অন্ধকারে। আলোর রোশনাইয়ে শ্রীভূমি সাজলেও সেখানে অনুপস্থিত থাকবেন তিনি নিজেই, যা উৎসবের মুখে লেকটাউন ও শ্রীভূমির পুজোপ্রেমীদের মনে গভীর বিষাদের ছায়া ফেলেছে।
অন্যদিকে, ঠিক একই দিনে আইনি লড়াইয়ে বড়সড় সাফল্য পেয়ে বেজায় খুশির মেজাজে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ২০১৮ সালের একটি পুরোনো মামলায় তাঁর বিরুদ্ধে ২ লক্ষ ৩০ হাজার টাকা তোলাবাজির অভিযোগ উঠেছিল এবং সেই সূত্রে পুলিশ তাঁকে গ্রেফতারও করে। নিম্ন আদালতে স্বস্তি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এই প্রভাবশালী তৃণমূল নেতা। মঙ্গলবার বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করায় উৎসবের মরশুমে স্বস্তির নিঃশ্বাস ফেলল তাঁর পরিবার ও অনুগামীরা।