মানচিত্র থেকে মুছে যাওয়া সেই গ্রাম, আজ যেখানে প্রতি শরতে নামে মানুষের ঢল!
বার্তা ডেস্কঃ
চারপাশে যত দূর চোখ যায়, শুধুই ফাঁকা মাঠ। নেই কোনো জনবসতি বা ঘরবাড়ি। অথচ সেই নিস্তব্ধ প্রান্তরের বুকেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের মানকরের এই কাহিনি সময়ের বুকে হারিয়ে যাওয়া এক জনপদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের গল্প। প্রায় দু’শো বছর আগে ডাকাতের ভয়ংকর দাপটে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন বাসিন্দারা। জনবসতি সম্পূর্ণ মুছে গেলেও আজও অক্ষুণ্ণ রয়েছে দেবী দুর্গার আরাধনা। বসতি হারিয়ে যাওয়া মানকরের ইতিহাস তাই আজও বেঁচে রয়েছে মন্দিরের নিত্যপুজো এবং শারদোৎসবের এই মিলনমেলায়।
শুরুর দিকে মাটির দেওয়াল ও তালপাতা দিয়ে তৈরি ছোট্ট চালাঘরে দেবীর পুজো হলেও সময়ের সঙ্গে সেখানে গড়ে উঠেছে পাকা মন্দির। বর্তমানে মানকরের পুরনো বাসিন্দারা বিভিন্ন স্থানে বসবাস করলেও দেবীর নিত্যপুজো বন্ধ হয়নি। দুর্গাপুজোর দিনগুলিতে পুরনো গ্রামের সঙ্গে আত্মিক যোগ টিকিয়ে রাখতে তাঁরা সবাই আবার একত্রিত হন। সাধ্যমতো আয়োজন করে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শামিল হন পুজোয়। পূজারি পরিবারের সদস্য অভিজিৎ চক্রবর্তী জানান, মানকর গ্রামের অস্তিত্ব আগের মতো না থাকলেও, ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পুজোর ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের কাছে এই পুজো কেবল ধর্মীয় আচার নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও নিজেদের শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যম।