মোদি ও শিবকে নিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতা!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিন্দু দেবতা শিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর এবং বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে নদিয়ার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মোকশেদ কারিগর, যিনি মুরুটিয়া থানার কাগড়িপাড়া গ্রামের বুথ স্তরের নেতা হিসেবে পরিচিত। বিতর্কিত ছবিটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার স্থানীয় ‘হিন্দু সুরক্ষা সমিতি’র পক্ষ থেকে মুরুটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করে।
গত সোমবার ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হলে পুরো ঘটনাটি কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোকশেদ কারিগর নিজের অপরাধ স্বীকার করে নেন। তবে তাঁর সাফাই, তিনি কাউকে আঘাত করার উদ্দেশ্যে বা ভেবেচিন্তে কিছু করেননি; সাধারণ অন্যান্য ছবি পোস্ট করার মতোই ভুলবশত এটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এই ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখনও বজায় রয়েছে।