হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য, চিটফান্ডের সম্পত্তি বিক্রির তদন্তে এবার ইডি!

বার্তা ডেস্কঃ

আদালতের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে চিটফান্ড সংস্থা ভিবজিওরের কোটি কোটি টাকার সম্পত্তি। রাজ্য সরকারের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে হাই কোর্টের গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি নিয়ম ভেঙে হাতবদল করা হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সের ৫৪ কোটি টাকার সম্পত্তি ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের জমি ও আবাসন বেআইনিভাবে রেজিস্ট্রি ও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আমানতকারীদের আইনজীবীদের সওয়াল শোনার পর আদালত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তভার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যে সম্পত্তিগুলি এখনও বাজেয়াপ্ত করা হয়নি, দ্রুত সেগুলি সিজ করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

ভালো রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে প্রায় ৫০০ কোটি টাকা তুলেছিল এই চিটফান্ড সংস্থা। সংগৃহীত সেই অর্থ আবাসন এবং চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ করা হয়েছিল। সারদা কাণ্ডের সময় এই জালিয়াতির পর্দাফাঁস হওয়ার পর সংস্থার মালিক রাজা ভদ্র বিদেশে পালিয়ে গেলেও পরে দিল্লি বিমানবন্দর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এর আগে আদালতের তরফে সমস্ত সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা উপেক্ষা করে গোপনে তা অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। মঙ্গলবার মামলার শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত। ওই দিনই রাজ্য সরকার, গঠিত কমিটি এবং ইডিকে তাদের বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *