ভোটের ময়দানে নতুন ঝড়, জ্ঞানেশ কুমারকে সরিয়ে মোদী সরকারের বিরুদ্ধে রাহুলের মোক্ষম চাল!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের ওপর চাপ আরও বাড়াতে এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র কৌশল এখন স্পষ্ট। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকা বৈঠকে মঙ্গলবার ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতারা এককাট্টা হয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের বার্তা দেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব থেকে শুরু করে সুপ্রিয়া সুলে ও সাগরিকা ঘোষ— প্রত্যেকেই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেন। তাঁদের অভিযোগ, দেশের স্বশাসিত সংস্থগুলিকে হাইজ্যাক করে ভোট চুরি করা হচ্ছে এবং গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে।
জাতীয় রাজধানী থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরা। মল্লিকার্জুন খাড়্গের দাবি, সাধারণ মানুষ ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে দেশের জনতা সচেতন হয়েছেন। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু না হওয়া পর্যন্ত এই যৌথ সংগ্রাম থামবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে বিরোধী শিবির। গণতন্ত্র রক্ষায় যে কোনো বলিদানে প্রস্তুত থাকার কথা জানিয়ে কেন্দ্রকে চরম রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিল ইন্ডিয়া জোট।