চা বিক্রেতার ভুঁয়ো মেডিক্যাল কলেজ! তোলপাড় করা কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ
বার্তা ডেস্কঃ
উত্তরপ্রদেশের এটাওয়া জেলায় ধানখেতের মাঝে জরাজীর্ণ ফার্মহাউসে রমরমিয়ে চলছিল একটি ভূতুড়ে মেডিক্যাল কলেজ। চাঞ্চল্যকর বিষয় হলো, বিএস মেডিক্যাল কলেজ নামের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন এক নিরক্ষর চা বিক্রেতা ভগবান দাস বাঘেল। ডি ফার্মা থেকে নার্সিং—নানা কোর্স চালু থাকলেও সেখানে ছিল না কোনও ল্যাব, লাইব্রেরি বা হাসপাতাল। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলে জানা যায়, তিনি শুধু কাগজে সই করতেন। গত ১ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে শোরগোল শুরু হয়।
এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে। আদালত ইউজিসি এবং সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে অবিলম্বে পাবলিক অ্যাডভাইজরি জারি করার নির্দেশ দিয়েছে, যাতে শিক্ষার্থীরা ভর্তির আগে কলেজের বৈধতা যাচাই করতে পারেন। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের প্রতারণা রুখতে স্থায়ী গাইডলাইন তৈরি এবং ইউজিসির নির্দেশ সঠিকভাবে পালন হচ্ছে কি না, তার ওপর কেন্দ্রকে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ তারিখ।