২৯-এ ফের হারের জন্য প্রস্তুত হোন, রাহুলকে সরাসরি হুংকার অমিত শাহের!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) বিতর্ক ও ‘ভোটচুরি’ ইস্যু নিয়ে যখন জাতীয় রাজনীতি সরগরম, ঠিক তখনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস দল একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতাকে হাতিয়ার করে রাহুল আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন শাহ। তাঁর স্পষ্ট বার্তা, দেশের মানুষ এই কৌশল ধরে ফেলেছেন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় অনিবার্য।

এই রাজনৈতিক তরজার মাঝেই সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আরও কোণঠাসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গুজরাটের রাজধানী গান্ধীনগর-সহ তিনটি পুরসভার নির্বাচনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। গান্ধীনগর পুরসভার ৪৪টি আসনের মধ্যে ৩৮টিই গেরুয়া শিবিরের দখলে গিয়েছে, যেখানে কংগ্রেস মাত্র ৫টি আসন পেয়েছে এবং আপ খাতা খুলতে পারেনি। এই জয়কে ভোটারদের আস্থার প্রতিফলন বলে অভিহিত করে শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির প্রতি দেশের মানুষের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। গতবারের তুলনায় গান্ধীনগরে বিজেপির ভোটের হার ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মোদী সরকারের জনভিত্তি আরও পোক্ত হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *