চতুর্থীতেই ভিজবে তিলোত্তমা? পুজোয় কি দুর্যোগের ভ্রুকুটি!
বার্তা ডেস্কঃ
রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় পর্ব শুরু হলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পুজোর মুখে আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চতুর্থীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। তবে আশার কথা হলো, মহাসপ্তমী থেকে আবহাওয়া ফের বদলাতে শুরু করবে এবং অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম মিশ্র আবহাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকলেও ১৬ থেকে ১৮ অক্টোবর অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব মিলিয়ে পুজোয় বড়সড় কোনো দুর্যোগ বা টানা বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। উৎসবের আনন্দ উপভোগ করতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।