ভোটে হারলেই ইভিএমের দোষ? পদ্মঝড়ে দিশেহারা বিরোধীদের কড়া জবাব বিজেপির!

বার্তা ডেস্কঃ

গুজরাটের স্থানীয় নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর বিরোধীদের একযোগে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনে হারলেই বিরোধীরা কেন বারবার ইভিএম বা এসআইআর-কে দোষারোপ করে? মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বিরোধীদের আত্মসমীক্ষার পরামর্শ দেন। তিনি জানান, অভিযোগের রাজনীতি দিয়ে নয়, বরং নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন ও জনসেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়। আম আদমি পার্টিকে কটাক্ষ করে তিনি আরও উল্লেখ করেন, গুজরাটের এই স্থানীয় নির্বাচনে যে ৩২টি আসনে ‘আপ’ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার প্রতিটিতেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, গান্ধীনগর পুরসভা, থারা ও ওখা পুরসভা নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টিতে জয়ী হয়েছে বিজেপি। এর মধ্যে গান্ধীনগর কর্পোরেশনের ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতেই গেরুয়া শিবির জয়লাভ করেছে, যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৫টি আসন। থারা পুরসভার ২৪টি আসনের মধ্যে ১৯টি এবং ওখা পুরসভার ৩২টি আসনের মধ্যে ২৯টিতেই বিজেপি জয়ী হয়। অন্যদিকে কংগ্রেস দুই স্থানে যথাক্রমে ৫ ও ৩টি আসনে জিতেছে। শমীক ভট্টাচার্যের মতে, গুজরাটের এই ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও সুশাসনের প্রতি জনগণের অগাধ ও নিরবচ্ছিন্ন বিশ্বাসের স্পষ্ট প্রতিফলন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *