রাশিয়ার তেলের সাথে বাণিজ্য চুক্তি, মার্কো রুবিওর ভারত সফর কি নতুন সমীকরণ!
বার্তা ডেস্কঃ
ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করতে আগামী ১৭ থেকে ২২ অক্টোবরের মধ্যে ফের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় সরকারি সফর। মুম্বই এবং গুজরাতের জামনগর সফরকালে তিনি দুই দেশের কৌশলগত সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব এবং বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উচ্চপদস্থ আধিকারিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে ওয়াশিংটনের আপত্তি এবং বাণিজ্য চুক্তি নিয়ে চলমান টানাপড়েনের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
উজবেকিস্তানের সমরকন্দে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বৈঠক সেরে ভারতে পৌঁছাবেন রুবিও। অতীতে বাণিজ্য চুক্তি আটকে থাকা, রাশিয়ার জ্বালানির ওপর শুল্ক নিয়ে আমেরিকার পরিকল্পনা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। তা সত্ত্বেও মুম্বইয়ের বাণিজ্যিক গুরুত্ব ও জামনগরের জ্বালানি শিল্পকে কেন্দ্র করে এই উচ্চপর্যায়ের সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলিয়ে নতুন আলোচনার পথ প্রশস্ত করতে পারে কি না, সেদিকেই এখন নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।