দীপাবলির আগেই বড় উপহার, ইউপিআই লেনদেনে স্বস্তি দিল মোদী সরকার!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে অনলাইন পেমেন্ট ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর দিল কেন্দ্র। আপাতত ইউপিআই (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) কার্যকর হচ্ছে না। এর আগে ১৫ অক্টোবর থেকে দুই হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শূন্য দশমিক চার শতাংশ হারে মাশুল বসার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তি এবং তৈরি হওয়া বিতর্কের জেরে সার্ভিস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ঘোষণা করেছে। এর ফলে দীপাবলি পর্যন্ত বাণিজ্যিক লেনদেনে ব্যবসায়ীদের এই বাবদ কোনো বাড়তি ফি দিতে হবে না।
প্রস্তাবিত এই মাশুল চালু হলে ব্যবসার খরচ বৃদ্ধির পাশাপাশি তা ক্রেতাদের পকেটেও টান ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা। এমনকি অনেক ব্যবসায়ী অনলাইন লেনদেনে অতিরিক্ত অর্থ দাবি করা বা তা এড়িয়ে চলার মতো পদক্ষেপ নিতে শুরু করেছিলেন। ভারতে ডিজিটাল লেনদেনের বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই অনীহা উৎসবের বাজারে বড় প্রভাব ফেলতে পারত। যদিও সাময়িক স্বস্তি মিললেও আগামী দিনে নিয়মটি চালুর সম্ভাবনা নিয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা জানায়নি প্রশাসন।