পাকিস্তানে ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, ঝরে গেল ৬ প্রাণ!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। করাচি থেকে পেশোয়ারগামী রহমান বাবা এক্সপ্রেসের প্রায় ১৪টি কামরা লাইনচ্যুত হওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুলতানের শের শাহ রেল স্টেশনের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের রেলওয়ে আধিকারিকেরা যান্ত্রিক ত্রুটি এবং লাইন সংস্কারের কাজের যোগসূত্র খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্রুত উদ্ধারকাজ শেষ করার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এই দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। আটকে থাকা যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিকল্প পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানের রেল পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে অতীতেও নানা প্রশ্ন উঠেছিল, আর সাম্প্রতিক এই বিপর্যয় সেই পুরোনো শঙ্কাকেই ফের উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *