রাহুলের পাশে ট্রাকের মাথায় স্লোগান, কে এই প্রতিবাদী তরুণী জান্নাত!
বার্তা ডেস্কঃ
জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি এবং ভোটচুরি ইস্যুতে বিরোধীদের ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জান্নাত বিষ্ণোই। সোমবারের এই বিশাল পদযাত্রায় ভিড় বাড়লে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি ট্রাকে উঠে পড়েন। তাঁর সঙ্গেই ট্রাকের মাথায় চড়ে সাদা টি-শার্ট পরিহিতা জান্নাতকে প্রবল উৎসাহে স্লোগান দিতে দেখা যায়। তাঁর এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী প্রতিবাদী ভঙ্গি মুহূর্তেই সংবাদমাধ্যমের নজর কেড়ে নেয়।
জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা জান্নাত দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যামা প্রসাদ মুখার্জি কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাশাপাশি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (ডুসুম)-এর নির্বাহী কাউন্সিলর এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সক্রিয় সদস্য। গত কয়েক বছর ধরে দিল্লির ছাত্র রাজনীতিতে সক্রিয় জান্নাত ক্যাম্পাসে নারী নিরাপত্তা এবং পরিবেশ আন্দোলন সহ বিভিন্ন জনস্বার্থের দাবিতে সোচ্চার থেকেছেন। সোমবারের ওই বিক্ষোভে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।